মালদা

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে গম বিলি করে ভোট কেনার অভিযোগ উঠল প্রাক্তন প্রধানের বিরুদ্ধে

ত্রিস্তর পঞ্চায়েত ভোটের মরসুমে নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে উঠল গম বিলি করার অভিযোগ। বুধবার সকাল থেকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইংরেজ বাজার থানার নরহাট্টা অঞ্চলের সাতঘোরিয়া বুধিয়া এলাকায়। 

      জানা যায়, বুধবার ইংরেজবাজার থানার নরহাট্টা অঞ্চলে বেশ কিছু মানুষ্কে গম বিলি করার অভিযোগ ওঠে অঞ্চল প্রাক্তন প্রধান তথা সিপিএম কর্মী সফিকুল হকের বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আস্তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। স্থানীয় তৃণমূল নেতা থেকে কর্মী সমর্থকরা এই ঘটনায় নির্বাচনি আচরণ বিধি ভঙ্গ করার অভিযোগ তুলে সরব হন। যদিও এলাকার মানুষজন দাবী করেন, প্রধান প্রতি বছরের মতোই এবারও তাদের গম বিলি করছিল। এটা তাদের কাছে নতুন কিছু নয়। কিন্তু এবার তৃণমূলের বেশ কয়েকজন এসে তাদের মারধর করে বলে অভিযোগ করেন তারা।

      এবিষয়ে স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, প্রধানের পক্ষ থেকে খাদ্যশষ্য বিলি করা হচ্ছিল। কিন্তু এদিন তারা গম নিতে যাওয়ার সময় তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতি এসে তাদের মারধর করে।

     এ ঘটনায় তৃণমূল কর্মী মাইনুল হক অভিযোগ করে বলেন, গম বিলি করে জনসাধারণের ভোট নেওয়ার ফন্দী এঁটেছে এই সিপিএম প্রধান সফিকুল হক। যদিও গম বিলির পাশাপাশি নগদ টাকাও দেওয়া হয়েছে বলে তিনি দাবী করেন।

      এবিষয়ে নরহাট্টা অঞ্চলের প্রধান সফিকুল হক জানান, তিনি সিপিএম-এর কর্মী। তথা বর্তমান অঞ্চল প্রধান, কিন্তু নির্বাচনের প্রার্থী নন। সেই সঙ্গে তিনি জানান, যেহেতু সামনে পঞ্চায়েত ভোট, সেই কারণে সরকারের পক্ষ থেকে জনগণকে কোনো প্রকার সহায়তা প্রদান করা যাবে না। ফলে তিনি ব্যক্তিগত ভাবে জনগণকে গম বিলি করার উদ্যোগ নিয়েছেন। তার নির্দেশে এদিন স্থানীয় একটি বাড়ি থেকে গম বিলি করা হচ্ছিল, কিন্তু বিরোধী দলের লোকেরা এসে জনগণকে মারধর করে বলে অভিযোগ পেয়েছেন।